প্রায় দু’বছর বাংলাদেশের হয়ে খেলেননি শাকিব আল হাসান। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশেও ফিরতে পারেননি ৩৯ বছরের অলরাউন্ডার। এ বার তাঁকেই একটি প্রতিযোগিতায় দেখা যাবে বাংলাদেশের নেতৃত্বে।
দু’দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল আগামী বিশ্বকাপ পর্যন্ত এক দিনের দলের অধিনায়ক হিসাবে লিটন দাসের নাম ঘোষণা করেছেন। লিটন টি-টোয়েন্টি ক্রিকেটেও বাংলাদেশের অধিনায়ক। টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। সাদা এবং লাল বলের ক্রিকেটে আপাতত এই দু’জনই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তা হলে শাকিব বাংলাদেশের কোন দলকে নেতৃত্ব দেবেন?
না, এই মুহূর্তে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই শাকিবের। তিনি অধিনায়কত্ব করবেন বাংলাদেশ টাইগার্সের। এশিয়ান লিজেন্ডস লিগে আবার দেখা যাবে অধিনায়ক শাকিবকে। এই দলে একাধিক প্রাক্তন সতীর্থকে পাবেন শাকিব। সহ-অধিনায়ক করা হয়েছে অলোক কাপালিকে। দলে রয়েছেন ধীমান ঘোষ, মেহদি মারুফ, শরিফুল ইসলাম, আবুল হাসান রাজুর মতো প্রাক্তন ক্রিকেটারেরা। মনে করা হচ্ছে, প্রাক্তন ক্রিকেটারদের দলের নেতৃত্ব পাওয়ায় শাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা বাড়ল। যদিও প্রাক্তনদের দলের অধিনায়ক করে তাঁকে অন্যরকম বার্তা দেওয়া হয়েছে বলেও মনে করছে বাংলাদেশের ক্রিকেট মহলের একাংশ। উল্লেখ্য, বিসিবি সভাপতি হওয়ার পর তাঁর প্রাক্তন সতীর্থ তামিম বলেছিলেন, শাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা।
এক সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে বিবেচনা করা হত শাকিবকে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ১৪ হাজারের বেশি রান এবং ৭০০-র বেশি উইকেট রয়েছে। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না হলেও পেশাদার ক্রিকেট খেলছেন শাকিব। এই মুহূর্তে তিনি খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে।









Leave a Reply